
‘আমি নিশ্চিত, এটা সবাই বিশ্বাস করেন যে, গত এক-দেড় বছরে ক্রিকেটের ক্ষতি হয়েছে বা ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে । এই জিনিসটা আমাদের সবাইকে মিলে ঠিক করতে হবে বলে জানিয়েছেন, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি মিম ইকবাল।
বিসিবির পরিচালনা পর্ষদ আজ ভেঙে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের পর আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বিসিবিতে রাখা এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
তামিম বলেছেন, গত এক-দেড় বছরে ক্রিকেটের যে ক্ষতি হয়েছে, সেটা ঠিক করতে কাজ করবেন তাঁরা।
‘এখানে যখনই এরকম দায়িত্ব কেউ পান, তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। ব্যক্তিগতভাবে আমি, পাশাপাশি আমার টিম এটা অনুভব করে, সবাই মিলে আমরা একসঙ্গে উপলব্ধি করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করা। গত এই এক-দেড় বছরে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ’ – সংবাদ সম্মেলনে বলেছেন তামিম।
এর কিছুক্ষণ পর আরেকবার গত এক-দেড় বছরে ক্রিকেটের ক্ষতি ও সেটি পুষিয়ে নেওয়ার তাগিদের প্রসঙ্গ এল তামিম ইকবালের কথায়, ‘আমি নিশ্চিত, এটা আপনারা সবাই বিশ্বাস করেন যে, গত এক-দেড় বছরে ক্রিকেটের ক্ষতি হয়েছে বা ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব বা করব না - এটা নিয়ে আলোচনা থাকবে, সবই থাকবে। কিন্তু এখানে কেউই চাই না যে, ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে, এই জায়গায় থাকুক।’
‘ক্রিকেট সবসময় আমাদের গর্বের ব্যাপার। এখানে বিসিবিতে যারা চাকরি করতেন বা চাকরি করেন, তারা যখন বাইরে যান, গর্ব নিয়ে বলতেন যে আমি বিসিবিতে চাকরি করি। এখন আমি নিশ্চিত নই যে, এই কথাটা তারা গর্ব নিয়ে বলতে পারে কি না… যে ধরনের কাজ গত এক-দেড় বছরে হয়েছে। ওই গর্বটা আমাদের ফিরিয়ে আনতে হবে। ক্রিকেটারদের আমাদের সম্মান করতে হবে। প্রত্যেকটা স্টেকহোল্ডার যারা সবাইকে আমাদের সম্মান করতে হবে। এটাই আমাদের মূল কাজ হবে’ – বলেছেন তামিম।
অ্যাডহক কমিটির দায়িত্ব তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করা। এর পাশাপাশি এই তিন মাসে দৈনন্দিন কার্যক্রমও চালিয়ে নেওয়া। নির্বাচন প্রসঙ্গে তামিম বলেন, ‘আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন আয়োজন করা তিন মাসের মধ্যে। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা সততার সঙ্গে করতে পারি, আর যতটা দ্রুত করতে পারি, আমরা এই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা প্রতিদিনের কাজের মধ্যে যা যা হয়েছে, বিশ্বকাপ ইস্যু আছে আপনারা জানেন, সবকিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার, আমরা তা করব।’
কাজ দিয়েই নিজেদের প্রমাণ করতে চান তামিম ইকবাল, ‘উই উইল চেঞ্জ ফর বেটারমেন্ট। জাস্ট কথা বলার জন্য বলা নয়। আমরা চেষ্টা করব। আমাদের ভুল হবে। আমাদের টিমে যারা আছেন, তাদেরও ভুল হবে। ওই ভুল থেকে আমরা শিখব। আবার আমরা চেষ্টা করব। এটাই হলো আমাদের মূল লক্ষ্য।’
আজকের ছোট সভা মূলত পরিচিতি পর্ব, আর চেকের সিগনেটরি ও আইসিসি-এসিসির মতো সংগঠনে বিসিবির প্রতিনিধিত্ব নিয়ে কিছু সিদ্ধান্ত এসেছে। আগামীকাল সন্ধ্যা ৬টায় অ্যাডহক কমিটির দ্বিতীয় সভায় আরও অনেক সিদ্ধান্ত নেওয়া হবে বলে আভাস মিলেছে সংবাদ সম্মেলনে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]