
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আর এই খবর পাওয়ার পর তড়িঘড়ি করে হোম অব ক্রিকেট ছেড়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও খালেদ মাসুদ পাইলট। বিসিবির সামনে গেট সাংবাদিকদের ভিড় থাকায় পেছনের গেট দিয়ে বেরিয়ে যায় তাদের গাড়ি। আর বিসিবি অফিস থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা কথা বলতে চাইলেও, গাড়িতে উঠতে দরজা লাগিয়ে দেন বুলবুল।
এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে পূর্বাচল ক্রিকেট মাঠ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলটসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা।
সেখানে বুলবুল তার অনেক কর্মপরিকল্পনার কথা জানিয়েছিলেন। আগামীকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে তার বগুড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সব তছনছ হয়ে গেল।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক আমিনুল এহসান এক বিবৃতিতে জানিয়েছেন, বিসিবির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তাতে করে বুলবুল আর বিসিবি সভাপতি থাকছেন না। বোর্ড ভাঙার খবর শুনে তড়িঘড়ি করে বিসিবি ছেড়েছেন তিনি।
গত বছরের ৬ অক্টোবর বিসিবির নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিম ইকবাল ও তার সমমনা সংগঠকেরা। তারা বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগও করেছিলেন। অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
পরশু এনএসসি তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন দেওয়ার দুই দিনের মাথায় ভেঙে গেল বোর্ড। গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি এখন তামিম।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]