
আগামী ২৬ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ১১তম আসর। টুর্নামেন্ট শুরুর আগে ধারাভাষ্যকার ও সঞ্চালকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), যেখানে দেখা গেছে অভিজ্ঞতা ও নতুন মুখের আকর্ষণীয় মিশেল।
এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে ইংরেজি ধারাভাষ্য প্যানেলে জায়গা করে নিয়েছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার আতহার আলি খান। বিপিএলসহ আন্তর্জাতিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজের অভিজ্ঞতা থাকলেও পিএসএলের মঞ্চে এটিই তার প্রথম উপস্থিতি।
পিএসএলের এবারের সংস্করণে নতুন মুখ হিসেবে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং অস্ট্রেলিয়ার গ্রিন ব্লুয়েট। যারা ধারাভাষ্যের নতুন ভূমিকায় দেখা দেবেন। অন্যদিকে, দীর্ঘদিন খেলোয়াড় হিসেবে অংশ নেয়া শোয়েব মালিক এবার মাইক্রোফোন হাতে নিচ্ছেন, যুক্ত হচ্ছেন উর্দু ধারাভাষ্য দলে। তার সঙ্গে থাকছেন সাবেক অধিনায়ক সালমান বাট ও নারী ক্রিকেটার সানা মির।
উপস্থাপনা প্যানেলেও এসেছে নতুনত্ব। প্রথমবারের মতো প্রেজেন্টার হিসেবে দেখা যাবে নেরোলি মেডোস ও জেস ক্রোকে। তাদের সঙ্গে নিয়মিত মুখ হিসেবে থাকছেন জয়নাব আব্বাস এবং সিকান্দার বখত।
ইংরেজি ধারাভাষ্যে আতহার আলি খানের পাশাপাশি দায়িত্ব পালন করবেন আমির সোহেল, জেপি ডুমিনি, লিসা স্টালেকার, মার্ক বুচার, মাইকেল হেইসম্যান, নিক নাইট, বাজিদ খান ও উরুজ মমতাজ খান। আর উর্দু প্যানেলে শোয়েব মালিক ও সালমান বাট ছাড়াও থাকছেন তারিক সাঈদ, মারিনা ইকবাল, শাহ ফয়সাল এবং আয়াজ চৌধুরী।
এদিকে ম্যাচ অফিশিয়ালদের তালিকাও প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। বেশ তারকা আম্পায়ারদের সঙ্গে তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে বিচক্ষণতার সঙ্গে আম্পায়ারিং করে আসছেন তিনি। রয়েছেন আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে। সর্বশেষ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি, অ্যাশেজ, ২০২৪ সালের বোর্ডার-গাভাস্কার ট্রফির মত গুরুত্বপূর্ণ সিরিজে দায়িত্ব পালন করেছেন আম্পায়ার সৈকত, কুড়িয়েছেন প্রশংসাও। বাংলাদেশ না খেললেও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে দেখা গেছে সৈকতকে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]