সৌদি পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৭
সৌদি পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি বছরে পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া প্রথম দিনের সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ফ্লাইটের ৪ হাজার ৪৫৭ হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন।


রবিবার (১৯ এপ্রিল) হজ পোর্টালের তথ্যমতে, সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন যাত্রী ইতিমধ্যে সেখানে অবস্থান করছেন।


১৮ এপ্রিল ভোর ৪টা ৫৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ যোগে ৪১৬ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।


বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দাস্থ কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।


এছাড়া মক্কা হজ অফিসের কাউন্সিলর কামরুল ইসলাম ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একই দিনে সরকারি ব্যবস্থাপনার আরও দুটি ফ্লাইটে ৮৩০ জন হজযাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।


প্রথম দিনে মোট ১১টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি ফ্লাইটে ২ হাজার ৪৭৭ জন, সৌদি এয়ারলাইন্স ৪টি ফ্লাইটে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১টি ফ্লাইটে ৪২৩ জন হজযাত্রী পরিবহন করেছে।


সৌদি আরবে আগত হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্পডেস্ক ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং প্রথম দিনে ২৭৫টি সার্ভিস প্রদান করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হজযাত্রীর চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণের প্রয়োজন পড়েনি।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রীর কোটা রয়েছে।


১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার এই যাত্রা আগামী ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ বছর মোট ৩০টি অনুমোদিত লিড হজ এজেন্সি বেসরকারি ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনা করছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com