ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ২২:৫৯
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংযুক্ত আরব আমিরাতের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে।


স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) দিনের উজ্জ্বল আলোর মধ্যেই নতুন এই চাঁদের দেখা মিলেছে। সেই সঙ্গে চাঁদ দেখার তথ্যের ওপর ভিত্তি করে আসন্ন জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ সম্পর্কেও পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।


দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, শনিবার সংযুক্ত আরব আমিরাতের সময় সকাল ১০টায় জিলকদের চাঁদের ছবি তোলা হয়েছে। ওই সময় চাঁদ সূর্য থেকে ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল এবং এর বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা। জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা মানমন্দির দলের সদস্য খালাফান আল-নাইমি, ওসামা ঘানেম ও আনাস মুহাম্মদের সহযোগিতায় ছবিটি তুলেছেন।


এদিকে জিলকদের চাঁদ দেখার তথ্যের ওপর ভিত্তি করে আসন্ন পবিত্র জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ সম্পর্কেও পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বৈজ্ঞানিকদের গণনা অনুসারে, ২০২৬ সালের ২৭ মে (বুধবার) সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে এবং আরাফার দিনটি পড়বে ২৬ মে (মঙ্গলবার)।


এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ২৬ মে পবিত্র আরাফার দিন ও এর পরদিন (২৭ মে) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। তবে সব ইসলামী উৎসবের মতোই, সরকারিভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল আজহা ও আরাফার চূড়ান্ত তারিখ নিশ্চিত করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com