ফিতরা কাদের দেওয়া যাবে এবং কাদের যাবে না?
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১০:৪৭
ফিতরা কাদের দেওয়া যাবে এবং কাদের যাবে না?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রমজান মাসের সিয়াম সাধনার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্থিক ইবাদত হলো ফিতরা বা সদকাতুল ফিতর। দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদের আনন্দে অসহায়দের শামিল করতে যে বিশেষ দান করা হয়, তাকে সদকাতুল ফিতর বলা হয়। ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করতে হয়। নামাজের পরে আদায় করলে তা সাধারণ দান হিসেবে গণ্য হবে, সদকাতুল ফিতর হিসেবে নয়। (সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ)


কাদের ফিতরা দেওয়া যাবে?


পবিত্র কোরআনে জাকাত ব্যয়ের যে ৮টি খাতের কথা বলা হয়েছে, ফিতরা প্রদানের ক্ষেত্রেও সেই খাতগুলো প্রযোজ্য। সুরা তওবার ৬০ নম্বর আয়াত অনুযায়ী এই খাতগুলো হলো—
১. ফকির: যার সামান্য সম্পদ আছে, কিন্তু প্রয়োজন মেটে না।
২. মিসকিন: যার একেবারেই কোনো সম্পদ নেই।
৩. জাকাতকর্মী: যারা সরকারিভাবে জাকাত বা ফিতরা সংগ্রহের কাজে নিয়োজিত।
৪. নওমুসলিম বা অনুরক্ত ব্যক্তি: যাদের মন ইসলামের প্রতি আকৃষ্ট করা প্রয়োজন। এই খাত এখন রহিত।
৫. ক্রীতদাস মুক্তি: দাসের মুক্তির জন্য আর্থিক সহায়তা। এখন যেহেতু দাসপ্রথা নেই, তাই এটিও রহিত।
৬. ঋণগ্রস্ত ব্যক্তি: ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিকে সাহায্য করা।
৭. আল্লাহর পথে: ইসলামের সুরক্ষা ও দ্বীনি কাজে নিয়োজিত থাকা ব্যক্তি।
৮. মুসাফির: প্রবাসী বা মুসাফির ব্যক্তি, যিনি বিদেশে বিপদে পড়েছেন।


কাদের ফিতরা বা জাকাত দেওয়া যাবে না?


শরিয়ত অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ফিতরা দেওয়া বৈধ নয়:
ক. ঊর্ধ্বতন বংশধর: মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি বা তাঁদের ওপরের কাউকে ফিতরা দেওয়া যাবে না।
খ. অধস্তন বংশধর: নিজের ছেলে-মেয়ে, নাতি-নাতনি বা তাঁদের সন্তানদের ফিতরা দেওয়া যাবে না।
গ. স্ত্রী: যেহেতু স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর, তাই স্ত্রীকে ফিতরা দেওয়া যাবে না।
ঘ. নিসাব পরিমাণ সম্পদের মালিক: যারা নিজেরাই সচ্ছল বা ধনী।
ঙ. বনু হাশিম: রাসুলুল্লাহ (সা.)-এর প্রকৃত বংশধর বা সাইয়েদ। চ. অমুসলিম: ফিতরা ও জাকাত মূলত মুসলিম অভাবীদের জন্য নির্ধারিত।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com