
পবিত্র রমজান মাসে যশোরের সতীঘাটা এলাকায় অবস্থিত আশরাফুল মাদারিসের মসজিদে এবার বড় পরিসরে ইতিকাফ অনুষ্ঠিত হয়েছে।
মসজিদে প্রায় ১ হাজার ৬০০ মুসল্লি অংশ নিয়েছেন, যার মধ্যে ৭৫ জন বিদেশি নাগরিক রয়েছেন। তারা ভারত, পাকিস্তান, মিয়ানমার, সিঙ্গাপুর, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও পানামা থেকে এসেছেন।
জানা গেছে, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা এলাকায় অবস্থিত আশরাফুল মাদারিস কম্পাউন্ডের মসজিদে এ বছর বিপুলসংখ্যক মুসল্লি ইতিকাফে বসেছেন। সাধারণত ২০ রমজান থেকে সুন্নত ইতিকাফ শুরু হলেও এখানে ১ রমজান থেকেই অনেকে নফল ইতিকাফে বসেন।
দিন যত গড়িয়েছে, মুসল্লির সংখ্যাও তত বেড়েছে। ২২ রমজান পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, সুন্নত ইতিকাফে অংশ নিয়েছেন প্রায় ১ হাজার ৬০০ মুসল্লি।
মাদরাসার মহাপরিচালক মাওলানা নাসীরুল্লাহ জানিয়েছেন, কয়েক বছর ধরে বড় পরিসরে ইতিকাফ আয়োজন করা হচ্ছে। মুসল্লিদের জন্য ইফতার, রাতের খাবার ও সাহরির ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
মাদরাসার শিক্ষাসচিব হাফেজ মাওলানা সাব্বির আহমাদ জানান, শায়খুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহির অনুসারীরা এখানে ইতিকাফে অংশ নেন। এবারের ইতিকাফে দক্ষিণ আফ্রিকার শায়খ ইব্রাহিম আফ্রিকি উপস্থিত থাকায় দেশ-বিদেশের বহু আলেম ও অনুসারী যোগ দিয়েছেন।
নামাজের আগে আলেমরা নসিহত দিচ্ছেন এবং জুমার খুতবা বিভিন্ন ভাষায় মুসল্লিদের বোঝার সুবিধার্থে বাংলায় অনুবাদ করা হচ্ছে। বিদেশি মুসল্লিদের খাদ্যাভ্যাস অনুসারে আলাদা খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।
মুফতি আরিফুল ইসলাম ফয়সাল ও মুফতি আমানুল্লাহ কাসেমী জানান, মুসল্লিরা মূলত আল্লাহমুখী হওয়ার জন্য ইতিকাফে বসেন, এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার কারণে এবার উল্লেখযোগ্যসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]