
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য অর্ণব দাস (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাকে আটক করে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব।
তিনি বলেন, আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তার বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইমদাদুল ইসলাম তৈয়ব আরও বলেন, ১৫ আগস্ট ঘিরে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেয়া বাড়ি ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল থেকেই সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেয়া বাড়ির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা যায়। বাড়ির সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি ওই সড়ক দিয়ে হেঁটেও কাউকে চলাচল করতে দেয়া হচ্ছে না।
সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা সেখানে জড়ো হয়েছেন। পাশাপাশি উৎসুক লোকজনকেও সেখানে ভিড় করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]