
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে আজ শ্রমিক সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে শ্রমিক সমাবেশ শুরু হবে। সমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন শ্রমিক দলের নেতারা।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতারা বক্তব্য দেবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠার বিজয়, পরবর্তীতে সরকার গঠনের পর এটাই প্রথম দলীয় উদ্যোগে সমাবেশের আয়োজন। শ্রমিক সমাবেশে রাজধানীসহ পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, নরসিংদীর নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন। শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে দফায় দফায় বৈঠক করেন শ্রমিক দল ও শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতারা। মূলত শ্রমিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় প্রাধান্য থাকলেও এই সমাবেশ বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মনোবল চাঙা করতে সহায়ক বলে মনে করছেন শ্রমিক নেতারা।
‘শ্রম দিয়ে শিল্প গড়ব, দেশের আঁধার ঘুচিয়ে দেব’-স্লোগানে ১৯৭৯ সালের ১ মে শ্রমিক দল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জিয়াউর রহমান বীর উত্তম। এদিকে বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে শ্রমিক সমাবেশের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সমাবেশ হবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের সমাবেশে ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]