
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতার প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি জানান, ফরম বিতরণ কার্যক্রম চলবে আগামী রবিবার (১২ এপ্রিল) পর্যন্ত। ফরম সংগ্রহের জন্য ২ হাজার টাকা এবং জামানত হিসেবে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
রিজভী বলেন, 'সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে চূড়ান্ত করা হবে। যারা দীর্ঘ ১৬–১৭ বছর ধরে নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন এবং আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের বিষয়টি বিবেচনায় রাখা হবে।'
তিনি আরও বলেন, সংসদে গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনা নিশ্চিত করতে সক্ষম প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে। একই সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তিনি।
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে ২৬ এপ্রিল আপিল গ্রহণ করা হবে। ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি এবং ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ৩৫টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি পাচ্ছে ১টি সংরক্ষিত নারী আসন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]