
লিঙ্গ বৈষম্যসহ সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে একসাথে লড়াই করতে হবে বলে জানিয়েছে জাসদের সহযোগী সংগঠন জাতীয় নারী জোট।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রবিবার (৮ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনাসভায় তারা এ কথা জানান।
সংগঠনটির নারী বিষয়ক সম্পাদক ও জাতীয় নারী জোটের নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপির সভানেত্রীত্বে ও রাবেয়া দিলরুবার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, জাতীয় আইনজীবী পরিষদের নেত্রী হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শ্রাবনী গুহ জয়া, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক পারভেজ আক্তার শিল্পী, শ্রমিক জোট নারী কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ শাহনাজ, জাসদ ঢাকা মহানগর পশ্চিমের সহ সম্পাদক নার্গিস আক্তার নীলা, নারী নেত্রী জেসমিনা হোসেন জুই, ছাত্রলীগ (জাসদ) ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য স্বর্ণ কণা দাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যা শিশুদের মানবিক মর্যাদা, তাদের জন্য মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাজ ও সংগ্রামে যুক্ত থাকার মধ্যেই ব্যক্তি, সংস্থা, দল কতটুকু প্রগতিশীল তা প্রমাণিত হয়।
বক্তারা বলেন, লিঙ্গ বৈষম্যসহ সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে একসাথে লড়াই করতে হবে। কোটা বৈষম্যের অবসানে কথা বলে যারা বৈষম্য বিরোধী মুখোশ ধারণ করেছিল তাদের মুখোশ খুলে গিয়েছে। তারা নারী ও পুরুষের বৈষম্য, ধনী ও দরিদ্রের বৈষম্য টিকিয়ে রাখার পক্ষের অত্যাচারী, লুটেরা শক্তি। বক্তারা আরও বলেন, ধর্মান্ধ শক্তি নারী অধিকার ও নারী স্বাধীনতা সবচেয়ে বড় শত্রু। আলোচনাসভায় বক্তারা ট্রেড ইউনিয়ন, শ্রেণী— পেশা—সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলে, রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ ও প্রভাব বাড়াতে সকল প্রগতিশীল ব্যক্তি—মহল—দলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]