
দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসন থেকে নতুন নির্বাচিত সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিক্রিয়ায় তিনি দলের নেতা-কর্মী, সাংবাদিক, পেশাজীবী, প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।
আমীর খসরু বলেন, গণতন্ত্রের এই অভিযাত্রায় আপনারা যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। নতুন বাংলাদেশ বিনির্মাণে, দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ভবিষ্যতেও আপনাদের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে সকলেই নিরলসভাবে কাজ করেছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এজন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিউল আলম পেয়েছেন ৭৭ হাজার ৯১৬ ভোট।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]