গ্যাস বন্ধের খবর ছড়িয়ে আতঙ্ক, যা বলছে পেট্রোবাংলা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৫:১৯
গ্যাস বন্ধের খবর ছড়িয়ে আতঙ্ক, যা বলছে পেট্রোবাংলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।


সংস্থাটি বলছে, কক্সবাজারের মহেশখালীতে একটি এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাসের সরবরাহ কিছুটা কমতে পারে। এতে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কমে যেতে পারে। তবে সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার কোনো ঘটনা ঘটবে না।


মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবর ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।


পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের মধ্যে একটি, সামিট এলএনজির রিগ্যাসিফিকেশন কার্যক্রম জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে। এ কারণে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।


এ পরিস্থিতিতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও কোনো কোনো এলাকায় সাময়িকভাবে সরবরাহ কমে স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com