প্রেসিডেন্ট জিয়ার অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে: পানিসম্পদমন্ত্রী
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ২২:১২
প্রেসিডেন্ট জিয়ার অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে: পানিসম্পদমন্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধ
প্রিন্ট অ-অ+

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রেসিডেন্ট জিয়ার খাল খনন বিপ্লবটা সমাপ্ত হয়নি। এ বিপ্লবটা যদি জিয়ার চিন্তা ধারণা, দূরদর্শিতা, সে আলোকে যদি সমাপ্ত হতো, তাহলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকতো। বাধাগ্রস্ত হয়েছে। এখন খাল খনন করতে যাই, খালের মাঝখানে দোকান গড়ে ওঠেছে। খালের মাঝখানে বাড়িঘর গড়ে উঠেছে। ওই স্বনির্ভর বাংলাদেশের কাজ যদি অব্যাহত থাকতো, তাহলে খালের মধ্যে বাড়িঘর তৈরি হতো না। শিল্প কলকারখানার বর্জ্য বা বাসাবাড়ির ড্রেন খালে পড়তো না। এখন চর্চা শুরু হয়ে গেছে। অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে। যত ব্যারিকেট, যত বাধা, যত দোকান, অবকাঠামো, বাঁধ সৃষ্টি করা হোক, কোনকিছুই থাকবে না। খাল খালের গতিতে চলবে। এটাই জনগণের চাওয়া, জনগণের পাওয়া।


শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী বাজার থেকে উত্তর হামছাদী সি-খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পানিসম্পদমন্ত্রী বলেন, আমরা আজকে যে প্রকল্পটি হাতে নিয়েছি, তারেক রহমানের নেতৃত্বে ১৮০ দিনের কর্মসূচি, সাথে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবো অথবা খনন করবো। ইতোমধ্যে আপনারা লক্ষ্য করেছেন দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রী তার কর্মসূচি উদ্বোধন করেছেন। এ মাসেই তিনি ঝিনাইদহে এবং ফেনীতে যাবেন। খাল খনন কর্মসূচি আরেকটা উদ্বোধন করবেন। প্রায় ৫০ টা জেলায় ইতোমধ্যে আমাদের কাজ শুরু হয়েছে। আমাদের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিরা বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অব্যাহত রেখেছেন। এটা একটা বিপ্লব, এ বিপ্লবটা নতুন করে হাতে নিয়েছেন তারেক রহমান। এ বিপ্লবের শেষ হবে না, যতদিন নতুন বাংলাদেশ গঠন না হবে। এটা গড়তেই হবে। কারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে এ প্রতিশ্রুতি-অঙ্গীকার দেওয়ার কারনে।


পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সি-খালটি ১২.৬ কিলোমিটার খাল খনন করা হবে। পুনঃখনন ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। ১৯৭৮ সালে এ খালটি খনন করা হয়েছিল। খালটি খনন হলে সদর উপজেলার হামছাদী ও রায়পুর উপজেলার বামনী ইউনিয়নসহ ৪টি ইউনিয়নের জলাবদ্ধতা দূর হবে এবং কৃষিকাজের উন্নতি হবে।


লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক ও লক্ষ্মীপুর পানি উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান প্রমুখ।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com