গণতান্ত্রিকভাবে গঠিত হবে মুক্তিযোদ্ধা কাউন্সিল: আহমেদ আযম খান
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১৭:০০
গণতান্ত্রিকভাবে গঠিত হবে মুক্তিযোদ্ধা কাউন্সিল: আহমেদ আযম খান
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সব ধরনের কমিটি ও কাউন্সিল জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই গঠিত হওয়া উচিত। সেই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা কাউন্সিলও গণতান্ত্রিকভাবে গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।


রবিবার (২২ মার্চ) সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই অর্জন আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় আমরা বদ্ধপরিকর। তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই কাউন্সিল গঠনে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা হবে।


তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বলেন, যারা ওই সময়ে শহীদ ও পঙ্গু হয়েছেন, তাদের বিষয়েও মন্ত্রণালয় সমানভাবে আন্তরিক। তাদের পুনর্বাসন ও কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতির বিষয়ে মন্ত্রী জানান, ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।


মুক্তিযোদ্ধাদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, তালিকা নিয়ে নানা বিতর্ক ও প্রশ্ন রয়েছে। এমনকি রাজাকারদের তালিকা নিয়েও আলোচনা আছে। আমি সদ্য দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মন্ত্রী আরও বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য সবাইকে নিয়ে কাজ করবো।


এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com