
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশন (CSW70)-এ বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বক্তব্যে তিনি বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশের পূর্ণ অঙ্গীকারের কথা তুলে ধরেন।
তিনি বলেন, পরিচয় বা আর্থ-সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার উন্মুক্ত হতে হবে। তারা যেন নির্ভয়ে ও কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই আইনি সুরক্ষা পেতে পারে, সে বিষয়ে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশি নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা ও প্রতিশ্রুতির প্রতিফলন।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত এবং ডিজিটাল বিভাজন নতুন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। এসব চ্যালেঞ্জ বিশেষ করে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের ওপর বেশি প্রভাব ফেলছে।
এসব পরিস্থিতি মোকাবিলায় নারী নেতৃত্বের মাধ্যমে বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, নারীর অবস্থা বিষয়ক জাতিসংঘের ৭০তম অধিবেশন ৯ থেকে ১৯ মার্চ পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনে সকল নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা, বৈষম্যমূলক আইন বাতিল এবং কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]