
অতিথি আপ্যায়ন মানেই একটু ভিন্ন স্বাদের আয়োজন, যা একদিকে যেমন পেট ভরাবে, অন্যদিকে মনে রাখার মতো অভিজ্ঞতাও তৈরি করবে। প্রচলিত মেনুর বাইরে গিয়ে যদি টেবিলে থাকে অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি, তাহলে অতিথিদের চমকে দেওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়।
সুগন্ধি বাসমতি চাল, মসলার হালকা কিন্তু বৈচিত্র্যময় ব্যবহার আর রসালো চিকেনের সমন্বয়ে এই বিশেষ বিরিয়ানি হয়ে উঠতে পারে আপনার আপ্যায়নের মূল আকর্ষণ। তাই অতিথি আসার এই মৌসুমে স্বাদের নতুনত্ব আনতে মেনুতে রাখুন অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি। যা স্বাদে যেমন অনন্য, পরিবেশনেও তেমনই রাজকীয়। রইলো রেসিপি-
উপকরণ
মুরগি ম্যারিনেট করার উপকরণ
আস্ত মুরগি ১টি
আদাবাটা ১ টেবিল চামচ
রসুনবাটা দেড় চা–চামচ
ধনেগুঁড়ো ১ চা–চামচ
জিরাগুঁড়ো ১ চা–চামচ
গোলমরিচগুঁড়ো সিকি চা–চামচ
এলাচ ৫টি
দারুচিনি ২ টুকরা
লবঙ্গ ৩টি
হলুদগুঁড়ো আধা চা–চামচ
লাল মরিচগুঁড়ো আধা চা–চামচ
জাফরান ১ চিমটি
ধনেপাতাকুচি সিকি কাপ
কাঁচামরিচ ৪টি
কাজু ও কাঠবাদাম ৫টি
পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ
কমলার খোসা কোরানো আধা চা–চামচ
লেবুর রস ২ টেবিল চামচ
অলিভ অয়েল সিকি কাপ
যেভাবে তৈরি করবেন
প্রথমে অলিভ অয়েল ছাড়া সব মসলা একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন। এরপর পেস্ট দিয়ে মুরগি মাখিয়ে রেস্টে রেখে নিন ৫ ঘণ্টার জন্য। মাংস ম্যারিনেট হয়ে গেলে বিরিয়ানি রান্নার হাঁড়ি চুলায় বসিয়ে অলিভ অয়েল দিয়ে মুরগি ভেজে তুলে রাখুন।
বিরিয়ানির উপকরণ
বাসমতী চাল ২ কাপ
চিকেন স্টক ৫ কাপ
পেঁয়াজকুচি সিকি কাপ
টমেটোকুচি সিকি কাপ
এলাচ ৩টি
দারুচিনি ২ টুকরা
লবঙ্গ ২টি
তেজপাতা ২টি
স্টার অ্যানিস ১টি
লবণ স্বাদমতো
কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ
কাঠবাদাম ও পেস্তাকুচি ৩ টেবিল চামচ
কয়লা ২ টুকরা
যেভাবে তৈরি করবেন
এবার বিরিয়ানি রান্নার ওই হাঁড়িতেই আস্ত গরমমসলার ফোড়ন ও পেঁয়াজকুচি দিয়ে দিন। পেঁয়াজকুচি একটু নরম হলে টমেটোকুচি, কাঁচা মরিচকুচি ও মেরিনেশনের বাকি মসলা দিয়ে ভালো করে কষিয়ে চাল দিয়ে দিন। এবার একটু নেড়ে চিকেন স্টক ঢেলে ১৫ মিনিট ঢেকে জ্বাল দিন। চাল ৮০ শতাংশ ফুটে গেলে ভেজে রাখা চিকেন চালের ওপরে দিয়ে অল্প আঁচে আরও ৫ মিনিট রাখুন। এবার চুলায় কয়লার টুকরা দুটি গরম করে নিন। বিরিয়ানির ঢাকনা তুলে কুচানো বাদাম ছড়িয়ে একটা ছোট স্টিলের বাটিতে গরম কয়লার টুকরা দুটি রেখে বাটিটা বিরিয়ানির হাঁড়িতে বসিয়ে তাতে একটু তেল দিন। এরপর হাঁড়ি ঢেকে রাখুন ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর কয়লার বাটি নামিয়ে ঢেকে রাখুন পরিবেশনের আগপর্যন্ত। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]