
বাঙালির ডায়েটে যুগ যুগ ধরে এমন কিছু খাবার রয়েছে, যা তথাকথিত সুপার ফুডের চেয়েও কম নয়। ক্রনিক অসুখ ও সংক্রমণের ঝুঁকি কমাতে এসব খাবার সমান উপযোগী বলে জানিয়েছেন পুষ্টিবিদ ঈশানি গাঙ্গুলি। কারণ এ খাবারগুলোর মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আর সুপারফুড বলতেই চোখের সামনে ভেসে ওঠে ব্লুবেরি, অ্যাভোকাডো, চিয়া সিডস, ওটসের মতো খাবারের ছবি। অথচ এসব খাবার খাওয়ার চল ২০ বছর আগেও বাঙালিদের মধ্যে ছিল না। কিন্তু এখন তরুণ প্রজন্মের মধ্যে এ ধরনের ‘সুপার ফুড’ খাওয়ার চল সবচেয়ে বেশি।
পুষ্টিবিদ ঈশানি গাঙ্গুলি এমনই কিছু খাবারের সন্ধান দিয়েছেন, যা প্রতিদিন খেলে ভীষণ উপকার পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক, বাঙালির হেঁশেলে কোন সুপার ফুড সবচেয়ে বেশি খাওয়ার চল রয়েছে।
১. সজনে ডাঁটা
গরমের শুরুতেই বাজারে উঁকি দিচ্ছে সজনে ডাঁটা। এই সবজি আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিমে সমৃদ্ধ। আপনার শরীরের রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে সজনে ডাঁটা। যে কোনো রক্তজনিত সমস্যা দূর করে সজনে ডাঁটা। এ ছাড়া চোখের স্বাস্থ্যের জন্য উপকারী সজনে ডাঁটা। এ সবজি প্রদাহ কমাতে সাহায্য করে।
২. মুগ ডাল
প্রতিদিনের খাদ্যতালিকায় এক বাটি মুগ ডাল রাখলেই শরীরে প্রোটিনের ঘাটতি মেটানো সম্ভব। আর সব ধরনের ডালই স্বাস্থ্যের জন্য উপযোগী। কিন্তু সুপার ফুড হিসেবে মুগ ডালকে বেছে নেওয়ার কথা বলেছেন নিউট্রিশনিস্ট— মুগ ডাল সহজেই হজম হয়। উদ্ভিজ্জ প্রোটিনে সমৃদ্ধ মুগ ডাল মাংসপেশির মেরামতে সাহায্য করে। তা ছাড়া অন্ত্রের জন্যও উপকারী এ ডাল।
৩. শাকসবজি
যে কোনো ধরনের শাকসবজিই সুপার ফুড। ভিটামিন এ, সি, কে এবং আয়রনের মতো পুষ্টিতে ঠাসা থাকে। প্রতিদিনের খাদ্যতালিকায় সবজি তরকারি ও শাকের তৈরি পদ রাখলেই আর কোনো চিন্তা নেই। আপনার শরীর একদম ফিট থাকবে। ওজনও বাড়বে না।
৪. আদা ও রসুন
আদা ও রসুন—এই দুই হার্বস স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। যেমন রসুন হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো এবং আদা হজম স্বাস্থ্যের জন্য। রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আদা প্রদাহ কমায়। এই দুই উপাদানই সংক্রমণের হাত থেকে শরীরকে সুরক্ষিত রাখে।
৫. আমলকী
আমলকীতে ভরপুর রয়েছে ভিটামিন সি। এ ভিটামিন 'সি' স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপযোগী। এই ফল আপনার শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। লিভারের কার্যকরিতা উন্নত করে। এমনকি চুল ও ত্বকের জন্যও আমলকী ভালো। প্রতিদিন একটি করে আমলকী খেলে আর ব্লুবেরি খাওয়ার দরকার পড়ে না।
৬. ঘোল
টকদই সুপার ফুড। একই সঙ্গে উপযোগী ঘোলও। আর ঘোল শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখে। এতে প্রোবায়োটিক রয়েছে, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো। যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এ খাবার। দূর করে হজমের সমস্যা।
৭. হলুদ
ডাল-তরকারি রান্নায় হলুদ পড়বেই। হলুদ আদতে সুপার ফুড। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। এ মসলা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে। গোলমরিচের সঙ্গে হলুদ খেলে ভালো উপকার পাওয়া যায়।
৮. তিল
খাবারের ওপর তিলের দানা ছড়িয়ে খেতে পারেন। এই দানা স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালশিয়াম সমৃদ্ধ। তিলের দানা আপনার শরীরের হাড়কে মজবুত রাখে। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এ খাবার ত্বক ও চুলের জন্য ভীষণ উপকারী।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]