‘আমি আইনজীবী, বোমা মারবো কেন’, আদালতে সেই সোহাগ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৫৫
‘আমি আইনজীবী, বোমা মারবো কেন’, আদালতে সেই সোহাগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগসহ ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।


বুধবার (১৮ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন।


শুনানি চলাকালে সোহাগ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি আইনজীবী, বোমা মারবো কেন।’


এ দিন কারাগার থেকে তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর সূত্রাপুর থানার বিস্ফোরক আইনের মামলায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক অনুপম দাস।


এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন তাদের কারাগারে আটক রাখার যুক্তি তুলে ধরেন।



তিনি বলেন, এই আসামি যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা। তার সঙ্গে বোমাবাজদের যোগাযোগ রয়েছে। তিনি তাদের লালনপালন করেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের জামিন শুনানি করার আড়ালে আদালতে এসে শোডাউন দেন; পরে রাতে ঢাকা শহরে অগ্নিসংযোগ ও বোমাবাজি করেন।


ঢাকার আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা তার জামিনের ঘোর বিরোধিতা করছি।


অন্যদিকে, আসামিপক্ষে তপু নাসরিন জামিন চেয়ে আবেদন করেন। তিনি উল্লেখ করেন, কোর্টে আমাদের ওপর বহিরাগতরা এসে মব করেছে। এই সময় আমার মক্কেল সোহাগকে আটকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।


এই মামলার তার নাম নেই। কোনোভাবেই তার সম্পৃক্ততা নেই। আমরা যেকোনো শর্তে তার জামিন প্রার্থনা করছি।
এ সময় কথা বলতে অনুমতি চাইলে বিচারক আসামির উদ্দেশে বললেন, আপনাকে জামিন কেন দেব, সেটা বলেন।


তখন সোহাগ বলেন, আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, বোমা মারার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। সেদিনও আমি এই কোর্টে শুনানি করেছি। আমি আইনজীবী, বোমা মারবো কেন? আমি এ মামলার সঙ্গে জড়িত না। আমি জামিনের হকদার।


উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এর আগে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক মেয়র সাঈদ খোকনের পক্ষে শুনানি করতে আসলে সোহাগকে আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে তাকে মারধর করে পুলিশ সোপর্দ করা হয়। তবে পুলিশ বলছে, উত্তেজিত জনতা সোহাগসহ তিন আসামিকে আটক করে। এই সংবাদ পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সরকারি কবি নজরুল কলেজের সামনে থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ।


মামলার বিবরণে বলা হয়েছে, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। অজ্ঞাতনামা ২৫/৩০ জন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এ সময় সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুজনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন।


বিবার্তা/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com