আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৭:৪৭
আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।


মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।


তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন নতুন তারিখ নির্ধারণ করেন।


বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন। তাদের বহনকারী উড়োজাহাজটি সকাল ৮টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৯টা ০৮ মিনিটে উড়োজাহাজটি পার্কিং করে। যাত্রীরা বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করে ইমিগ্রেশন শেষে লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্ট এলাকায় যান।


এ সময় যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় ট্রলি সংগ্রহে সাময়িক সংকট দেখা দেয়। ট্রলি নিতে দীর্ঘ লাইন তৈরি হলে কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভেঙে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এছাড়া লাগেজ আসতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কয়েকজন উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলে মামলার অভিযোগে বলা হয়।


এ ঘটনায় গত ২ অক্টোবর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করেন।


ওইদিনই আখতারুজ্জামানকে তার ঢাকা সেনানিবাসের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। পরের দিন আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ৪ অক্টোবর জামিন নামঞ্জুর হলে তাকে কারাগারে পাঠানো হয়।


প্রায় এক মাস কারাবরণের পর গত ১ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামান। পরদিন তিনি কারামুক্ত হন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com