তাহসিফের ‘বন্ধু’ দীপ ফের ৩ দিনের রিমান্ডে
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৬:৫৭
তাহসিফের ‘বন্ধু’ দীপ ফের ৩ দিনের রিমান্ডে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৭) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এই রিমান্ড মঞ্জুর করেন।


গত ৩১ অক্টোবর প্রথম দফায় দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে ফের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. সাইফুল ইসলাম।


সেই আবেদনের ‍শুনানি শেষে বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।


সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।


মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তুরাগ নদীর পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে তার ট্রাউজারের পকেট থেকে একটি আইফোন ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।


নিহত কে এম তাহসিফ সাউরী বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন।


রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, নিহত তাহসিফ সাউরীর জুনিয়র ও সম্পর্কে বড় ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। পরে তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৩০ অক্টোবর জিডির মাধ্যমে গ্রেফতার দেখানো হয়।


এমতাবস্থায় তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের মূল রহস্য উদহাসঘাটন, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার ও শনাক্তকরণ, নিহতের মোবাইল ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের মূল স্থান নির্ধারণের জন্য অভিযুক্তকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। তাই তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com