
সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে শাপলা চত্বরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন সকালেই এই তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে শাপলা চত্বরের ঘটনার পরিকল্পনা এবং প্রকৃত তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ৭ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়েও তদন্ত চলছে। তারা এই মামলায় আসামি হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে প্রসিকিউশন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে মাসে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৫৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এরমধ্যে শাপলা চত্বরে ঢাকার মধ্যেই ৩২ জন নিহত। নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহতের তথ্য ও পরিচয় শনাক্ত করা গেছে। ঢাকায় দিনের বেলা ও রাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পরদিন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে হত্যাকাণ্ড সংঘটিত হয়।
তদন্তের অগ্রগতির বিষয়ে প্রসিকিউটর বলেন, ‘শাপলা চত্বরের মামলায় ৯০ শতাংশ তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]