
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির জামিন আবেদনের ওপর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আদেশ দেবেন হাইকোর্ট।
বুধবার (২৯ এপ্রিল) এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন।
এর আগে গত ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। ওইদিন রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল এতে বাধা দেয়।
একপর্যায়ে এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশাসহ শেখ তাসনিম আফরোজ ইমি ছাড়াও আরও একজনকে ধরে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে। এ ঘটনার পরদিন ইমিসহ আটক তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]