বেতন বৈষম্যের প্রতিবাদে সিউলে স্যামসাং শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২২:২২
বেতন বৈষম্যের প্রতিবাদে সিউলে স্যামসাং শ্রমিকদের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেতন ও বোনাস বৈষম্যকে কেন্দ্র করে তীব্র শ্রমিক অসন্তোষের মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স। বোনাস কাঠামোর স্বচ্ছতা এবং ঊর্ধ্বসীমা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন প্রায় ৪০ হাজার কর্মী।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত এই বিক্ষোভে শ্রমিকরা মূলত তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এসকে হাইনিক্স এর তুলনায় বেতন অনেক কম হওয়ার অভিযোগ তুলেছেন। দাবি আদায়ে আগামী ২১ মে থেকে টানা ১৮ দিনের কঠোর ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক ইউনিয়ন।


বেতন বৃদ্ধি ও বোনাস বৈষম্য দূর করার দাবিতে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্সের প্রায় ৪০ হাজার শ্রমিক নজিরবিহীন বিক্ষোভ করেছেন। সিউলের বিশাল সেমিকন্ডাক্টর কমপ্লেক্সে এই সমাবেশে বোনাসের ঊর্ধ্বসীমা বাতিল এবং লভ্যাংশের অংশীদারিত্বের দাবি জানান শ্রমিকরা। এই উত্তেজনা এশিয়ার প্রযুক্তি শিল্পে নতুন সংকটের আভাস দিচ্ছে।


প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বোনাস পাওয়া নিয়ে স্যামসাং কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিক্ষোভকারী কর্মীরা বলছেন, শীর্ষ কর্মকর্তাদের জন্য বিপুল বোনাস বরাদ্দ থাকলেও সাধারণ শ্রমিকরা অবহেলিত।


বিক্ষোভকারী একজন বলেন, ‘আজ আমরা শুধু ক্ষোভ জানাতে আসিনি, এসেছি আমাদের অধিকার নিশ্চিত করতে। আমাদের প্রশ্ন একটাই—শ্রমিকের ঘাম আর পরিশ্রমে গড়া এই সাফল্যের প্রকৃত অংশীদার কারা? একদিকে চেয়ারম্যানের শেয়ারের মূল্য ট্রিলিয়ন ট্রিলিয়ন উয়ন বাড়ছে, এতে শুধু শীর্ষ কর্মকর্তারাই পাচ্ছেন বিপুল বোনাস, অন্যদিকে আমরা অবহেলিত।’


আরেক শ্রমিক বলেন, ‘অনেক সহকর্মী এরইমধ্যে এসকে হাইনিক্সে চলে যাচ্ছেন। বেতন ব্যবধান এতটাই বেড়েছে যে এটা কর্মীদের সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলছে।’


শ্রমিক ইউনিয়নের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মূল বেতন ৭ শতাংশ বাড়ানো এবং কোম্পানির মোট পরিচালনার মুনাফার ১৫ শতাংশ বোনাস হিসেবে বরাদ্দ করা। দাবি না মানলে আগামী ২১ মে থেকে ১৮ দিনের টানা কঠোর ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ৯০ হাজার সদস্যের শ্রমিক ইউনিয়ন।


এদিকে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দ্রুত আলোচনার মাধ্যমে বিষয়টির একটি সম্মানজনক সমাধানে পৌঁছাতে আগ্রহী। তবে শ্রমিকদের দাবির বিপরীতে ব্যবস্থাপনা পক্ষ থেকে মোট মুনাফার ১০ শতাংশ বোনাস হিসেবে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।


স্যামসাং শ্রমিক ইউনিয়নের সদস্য সংখ্যা বর্তমানে ৯০ হাজার ছাড়িয়েছে। যা দক্ষিণ কোরিয়ায় কোম্পানির মোট কর্মীবাহিনীর ৭০ শতাংশেরও বেশি। বিশেষজ্ঞদের মতে, শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা সবচেয়ে বেশি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com