
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির কলাবাগানের কাঠালবাগান এলাকায় ১০ তলা আবাসিক ভবন কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। পরে তাদের স্থানীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এ ঘটনায় দগ্ধ পাঁচজন চিকিৎসার জন্য তাদের হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]