খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলিতে করে হত্যা
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:৫৯
খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলিতে করে হত্যা
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

খুলনার রূপসায় বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।


জানা গেছে, উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসে থাকা অবস্থায় বিএনপি নেতা মো. জাকির হোসেন (৪৩) নামে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।


খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিক শুভ্র এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে স্থানীয় কয়েকজনের সঙ্গে বসে কথা বলছিলেন জাকির হোসেন। এ সময় হেলমেট পরা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জাকিরের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিক শুভ্র জানান, নিহত জাকির হোসেন একজন ইট-বালু ব্যবসায়ী। তিনি খুলনার রূপসা থানাধীন ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল জলিল শেখ। তিনি ওই ইউনিয়নের বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। নিহত জাকির পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই।


তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় আইনগত ও তদন্তমূলক কার্যক্রম চলছে।


রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুম খান জানান, ঘটনার পর পুলিশ অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের বাসিন্দা জলিল শেখের ছেলে। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। তার ছোট ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব।


এ নিয়ে খুলনায় মোট ৭৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুলনা জেলায় ৪০টি এবং মহানগরীতে ৩৮টি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com