সব ক্ষেত্রে ভর্তুকি দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়: ডা. জাহেদ
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১৩:১৭
সব ক্ষেত্রে ভর্তুকি দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়: ডা. জাহেদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সরকার বিভিন্ন খাতে আগে যে পরিমাণ ভর্তুকি দিত, তা কমে এসেছে। এ কারণে সব ক্ষেত্রে ভর্তুকি দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।


সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বলেন, জ্বালানি সংকটের মধ্যে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। সরকার নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ক্ষেত্রবিশেষে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একই সঙ্গে হঠাৎ চালের দামও বেড়েছে। নিত্যপণ্যের এমন মূল্যবৃদ্ধি সরকারের বাজার তদারকির ঘাটতি কি না?


উত্তরে জাহেদ উর রহমান বলেন, এলপিজির বাজারে সরকার যে দাম যৌক্তিক মনে করছে, তার চেয়েও বেশি দামে কোথাও কোথাও বিক্রি হচ্ছে। সরবরাহের ক্ষেত্রেও কিছুটা সমস্যা রয়েছে। তবে এ পরিস্থিতির দায় এড়ানোর জন্য তিনি সরবরাহ সংকটের কথা বলছেন না।


তিনি বলেন, আমরা যে দামটাকে যৌক্তিক মনে করছি, এর চেয়েও কোনো কোনো জায়গায় বেশি দামে বিক্রি হচ্ছে। আমাদের সরবরাহের ক্ষেত্রে খানিকটা সমস্যা আছে। এটা আমি দায় এড়ানোর জন্য বলছি না।


এলপিজির দাম বাড়ানোর পক্ষে সরকারের যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার ভর্তুকি দিয়ে দাম কম রাখতে পারে। কিন্তু ভর্তুকি দেওয়ার সক্ষমতা প্রায় শেষ পর্যায়ে। এ অবস্থায় ভর্তুকি দিয়ে দাম কমিয়ে রাখলে শেষ পর্যন্ত তা জনগণের জন্য ক্ষতিকর হতে পারে।


তিনি বলেন, আমি বলেছিলাম, গ্যাসের দাম বাড়ালেও দীর্ঘমেয়াদি কল্যাণ আছে। যারা অর্থনীতির মৌলিক বিষয় বোঝেন, তারা বুঝবেন, সরকারের জন্য এই দাম কমানোর ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ প্রায় শেষ।


প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার বিভিন্ন খাতে আগে যে পরিমাণ ভর্তুকি দিত, তা কমে এসেছে। এ কারণে সব ক্ষেত্রে ভর্তুকি দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। তবে সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি হওয়া আলাদা সমস্যা। এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


বাজার মনিটরিংয়ের কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, কোনো পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে সরবরাহ ও মূল্য নির্ধারণে তার প্রভাব পড়ে। সরকার বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করছে। তবে বাজার অর্থনীতিতে শুধু মনিটরিং করে সব সময় কার্যকর ফল পাওয়া যায় না।


চালের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের একটি কার্যকর উপায় হচ্ছে পণ্যের সরবরাহ বাড়ানো। এ জন্য চালের মজুত সক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর কাজ এরই মধ্যে শুরু হয়েছে।


তিনি বলেন, পর্যাপ্ত মজুত নিশ্চিত করে প্রয়োজনে বাজারে চাল সরবরাহ বাড়ানো হবে। পুলিশ পাঠিয়ে বাজার নিয়ন্ত্রণের চেয়ে সরবরাহ বাড়িয়ে বাজারে হস্তক্ষেপ করা বেশি কার্যকর। সরকার এ উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছে।


জাহেদ উর রহমান বলেন, সরকার নির্ধারিত যৌক্তিক দামের পরও যদি এলপিজি বেশি দামে কিনতে হয়, তাহলে সেটি অবশ্যই সরকারের বিবেচনায় নিতে হবে। জনগণের কল্যাণ নিশ্চিত করতে এ বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com