
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে সারাদেশে আরও প্রায় ৪৬টি বন্ধ কল-কারখানা চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যেন আবার কর্মসংস্থানের ব্যবস্থা হয়—এই হচ্ছে আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, আগামী ১২ মাসে, অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে সারাদেশে আরও প্রায় ৪৬টি বন্ধ কল-কারখানা চালু করার উদ্যোগ নিয়েছি।’ শ্রমিকরা যাতে বেকার না থাকে এবং কাজ করে টিকে থাকতে পারে, সে লক্ষ্যেই বন্ধ কল-কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে।’
তারেক রহমান বলেন, ‘আমরা চাচ্ছি কল-কারখানাগুলো চালু হোক। আমরা দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করছি, বিদেশি উদ্যোক্তাদেরও বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছি। এতে উৎপাদন বাড়বে এবং বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’
কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশক সহায়তা, ফসলের বীমা, ব্যাংক ঋণ এবং আবহাওয়ার তথ্য পাওয়ার সুযোগ থাকবে। কৃষি বাঁচলে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সে কারণেই আমরা কৃষক ভাইদের একটি কার্ড দিতে চাই, যেটির নাম হচ্ছে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড।’
নারীদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা একটি পরিবারকে মায়ের নেতৃত্বে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই। একটি গ্রামের পরিবার আত্মনির্ভরশীল হলে ধীরে ধীরে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এবং সবশেষ সারাদেশ আত্মনির্ভরশীল হবে।’
স্বাস্থ্যসেবায় সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রত্যেকটি উপজেলা হাসপাতালের বেড সংখ্যা ৫০ থেকে ১৫০-এ উন্নীত করা হবে। সেখানে শিশু ও নারীদের জন্য আলাদা বেড এবং ডায়ালাইসিস সুবিধা রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]