অর্থবছরের সময় পরিবর্তনের সিদ্ধান্ত, ২০২৮-২৯ থেকে কার্যকর
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২৩:২১
অর্থবছরের সময় পরিবর্তনের সিদ্ধান্ত, ২০২৮-২৯ থেকে কার্যকর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশের অর্থবছরের নির্ধারিত সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর ১ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ মার্চ শেষ হবে। নতুন এই পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল বা পরিবর্তনকালীন অর্থবছর ধরে মাত্র নয় মাসে, অর্থাৎ জুলাই থেকে মার্চ মাসের মধ্যেই সমাপ্ত করা হবে।


সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিস্তারিত তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর হিসাব করা হয়। এর ফলে জুলাই ও আগস্টের বর্ষাকালে অবকাঠামোগত উন্নয়নকাজে নানা বাধা সৃষ্টি হয়। এতে উন্নয়নকাজের মেয়াদ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে কাজের গুণগত মান নষ্ট হয় এবং জনগণের দুর্ভোগ বাড়ে। নতুন সিদ্ধান্ত মোতাবেক ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ করা হলে বর্ষা শুরু হওয়ার আগেই অধিকাংশ অবকাঠামোগত কাজ শেষ করার সুযোগ তৈরি হবে।


অর্থবছরের সময়কাল পরিবর্তনের পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ ও অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। এই রূপান্তর বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং 'জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯র্থ'-এ প্রয়োজনীয় আইনি সংশোধন আনা হবে। পাশাপাশি সরকারের অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত ডিজিটাল ও প্রযুক্তিসংক্রান্ত সিস্টেমেও প্রয়োজনীয় সংস্কার করা হবে।


নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে পরিবর্তনের মধ্যবর্তী সময়, যা ৯ মাসের মধ্যে সম্পন্ন করে ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ এপ্রিল-৩১ মার্চ নতুন অর্থবছর কাঠামোতে সব কার্যক্রম পরিচালিত হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com