
চুক্তিতে আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি।
সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে তার এক বছরের এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। গত ১৬ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদে দায়িত্ব নিয়েছিলেন। তার আগের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সোমবার শেষ হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৭ আগস্ট অন্তবর্তী সরকার নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। দুই বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছিলেন।
এরপর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তিনি সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের ১৪২ জনের মেধাতালিকায় নাসিমুল গনির অবস্থান ছিল ষষ্ঠ।
২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিসভা ও বিভিন্ন মন্ত্রিসভা কমিটির সচিবের দায়িত্ব পালন করেন। মন্ত্রিপরিষদ বিভাগের মূল দায়িত্ব হচ্ছে মন্ত্রিসভা ও এর কমিটিগুলোকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয় করা।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসন তথা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের কাজের তদারক করে থাকে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কাজের সমন্বয় সাধনও মন্ত্রিপরিষদ বিভাগের অন্যতম দায়িত্ব।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]