
আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের আয় বাড়বে। যার ফলে দুর্নীতির প্রবণতা কমে আসবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, গত ১১ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন হয়নি। অন্যদিকে নিত্যপণ্যের দাম বেড়েছে। সুতরাং, এটি সমন্বয় করা দরকার। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে, তাদের আয় বাড়বে, তখন নিশ্চয়ই দুর্নীতি কমার কথা।
নতুন কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, বাজেটে চাকরির কথা পরিষ্কারভাবে বলা আছে। আমরা আশা করি, বাজেটে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। আর কর্মসংস্থানের জন্য আমরা বিনিয়োগে জোর দিচ্ছি।
দক্ষ কর্মী তৈরিতে নানা প্রকল্প নেয়া হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আমরা স্কিল ডেভেলপমেন্টে জোর দিচ্ছি। দক্ষ একজন শ্রমিকের চাকরি দেশে-বিদেশে হওয়া খুবই সহজ। এজন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত নানা প্রকল্প হাতে নিচ্ছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই, ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।
এদিন জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট। সেই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম উত্থাপিত বাজেট।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]