বাজেটের পর দিনই বাড়ল চালের দাম, সবজিতে স্বস্তি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৩:২৮
বাজেটের পর দিনই বাড়ল চালের দাম, সবজিতে স্বস্তি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রতি কেজি চালের দাম বেড়েছে দুই টাকা। বাড়তি মাছ ও সোনালি মুরগির দামও। তবে কিছুটা স্বস্তি সবজি বাজারে। গ্রীষ্মকালীন বেশিরভাগ সবজি মিলছে ৩০ থেকে ৫০ টাকায়।


শুক্রবার (১২ জুন) সাপ্তাহিক ছুটির দিন রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কিছু বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।


আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৭০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা ও ঝিঙা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।


এ ছাড়া, প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৫০ টাকা, জালি প্রতি পিস ৬০ থেকে টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা এবং প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।


ঢাকার মালিবাগ বাজারে বাজার করতে এসে সাইদুর রহমান বলেন, বাজেটের পরের দিন বাজারে এলাম। সব ধরনের সবজির দাম আগের মতোই রয়েছে। দাম বাড়েওনি আবার কমেওনি। ‌সব ধরনের সবজির দাম ৫০ থেকে ৮০ টাকার ঘরে, তবে দুই একটি সবজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।


রামপুরা বাজারের সবজি বিক্রেতা ইয়াসিন আলি বলেন, চলতি মাসের শুরুতে সবজির দাম যেমন বাড়তি ছিল সেই তুলনায় বর্তমানে সবজির দাম কম যাচ্ছে। গত এক সপ্তাহ ধরে সবজির বাজারে বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। তবে মৌসুম না হওয়ায় টমেটো প্রতি কেজি ১২০ টাকায়, শসা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলোর দাম বলতে গেলে আগের চেয়ে কম রয়েছে। মোটামুটি এক সপ্তাহ ধরে সবজির বাজার ৫০ থেকে ৮০ টাকার ঘরে।


এদিকে, এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা ঈদের ঠিক আগে কিছুটা চড়া ছিল। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকা কেজিতে।


অন্যদিকে ফার্মের মুরগির ডিমের দামও রয়েছে নাগালের মধ্যে, প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।


মসলার বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে এখন প্রতি কেজি দেশি রসুন ৮০ থেকে ১০০ টাকা এবং আমদানি করা রসুন ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকার মধ্যে। এছাড়া বাজারে আলুর কেজি ২০ থেকে ৩০ টাকা।


কারওয়ান বাজারের মুদি ব্যবসায়ী আলহাজ্ব হেলাল উদ্দিন বলেন, বাজেটে কর কমানোর কথা শুনছি, কিন্তু সেই সুবিধা আমাদের পেতে আরও কিছুদিন সময় লাগবে। কারণ আমরা আগের কেনা দামেই মালামাল বিক্রি করছি। তবে এবার ভালো দিক হলো, বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি। এখন পাইকারি বাজারে দাম কমলে আমরাও কম দামে বিক্রি করতে পারবো।


​শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকুরিজীবী তানভীর আহমেদ বলেন, অন্যান্য বছর বাজেট ঘোষণার পরদিনই অনেক পণ্যের দাম বেড়ে যায়। এবার অন্তত সেই আতঙ্কটা নেই। ডিম, মুরগি, পেঁয়াজ বা তেলের দাম আগের মতোই আছে।


অন্যদিকে বাজারে সব ধরনের চালের কেজিতে বেড়েছে দুই টাকা। এছাড়া পোলাওয়ের চালের কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com