সুদানে শহীদ ৬ সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ সম্মাননা
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৩:৩৯
সুদানে শহীদ ৬ সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ সম্মাননা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বশান্তি রক্ষায় অসামান্য অবদান রাখা এবং কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বুধবার (১০ জুন ) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬’ এর মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ শ্রদ্ধা জানান।


প্রতিবছর ২৯ মে দিবসটি বিশ্বব্যাপী পালিত হলেও, এবার ওই সময়ে দেশে ঈদের ছুটি থাকায় রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ১০ জুন বাংলাদেশে এটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হচ্ছে।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় ২০২৫ সালে সুদানে শাহাদাতবরণকারী ছয় সেনাসদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা ও স্মারক তুলে দেন।


একই সঙ্গে ওই হামলাসহ সম্প্রতি চলমান বিভিন্ন মিশনে দায়িত্ব পালনকালে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতেও বিশেষ সম্মাননা তুলে দেন সরকারপ্রধান।


প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বমঞ্চে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা বজায় রাখা এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা এবং মানবিক মূল্যবোধ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের এই বীর সন্তানদের আত্মত্যাগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তিকে আরও সুদৃঢ় করেছে।


অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত নিষ্ঠার সাথে কর্মরত থাকা সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com