ঢাকার দুই সিটিতে বসবে ২৬ কোরবানির পশুরহাট
প্রকাশ : ১২ মে ২০২৬, ১৬:৩২
ঢাকার দুই সিটিতে বসবে ২৬ কোরবানির পশুরহাট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি কোরবানির পশুরহাট বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কোরবানির পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি জানান, এবার রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি কোরবানির পশুরহাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি হাট থাকবে। এসব হাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার সদস্যও দায়িত্ব পালন করবেন। সিসিটিভি নজরদারি, মোবাইল টহল ও গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হবে।


সালাহউদ্দিন আহমদ বলেন, “কোরবানির সব পশুর হাটেই আনসার সদস্য মোতায়েন থাকবে। কোরবানিকে ঘিরে চাঁদাবাজির তথ্য রয়েছে সরকারের কাছে। এগুলো বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।”


চাঁদাবাজি, অতিরিক্ত ইজারা আদায় কিংবা হয়রানির অভিযোগ জানাতে ১৬৬১৩ নম্বরে হটলাইনে ফোন দেয়ার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।


তিনি বলেন, এসব হাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার সদস্যও দায়িত্ব পালন করবেন। সিসিটিভি নজরদারি, মোবাইল টহল ও গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হবে।


ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য পুলিশ সদরদপ্তরে বিশেষ সেল গঠন করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ঈদের আগে সাতদিন এবং ঈদের পর সাতদিন এই মনিটরিং সেল কার্যক্রম চালাবে।


ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক, লঞ্চঘাট, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com