
নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটি হলো মানুষকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন।
শনিবার (৯ মে) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে বিএনপিসহ তিনটি অঙ্গসংগঠনের জেলা নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে। তিনি বলেন, আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটি হলো মানুষকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন।
তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলের নেতাকর্মীরা মাঠে ছিলেন। নির্বাচন কঠিন হবে বলে আগেই তিনি সতর্ক করেছিলেন। নেতাকর্মীরা তা উপলব্ধি করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, মানুষ বিএনপি ও দলের নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। নির্বাচনের আগে এটি ছিল বিএনপির ইশতেহার। সরকার গঠনের পর সেটি এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ভোট দেওয়া ৫২ শতাংশ মানুষ মূলত বিএনপির নির্বাচনী ইশতেহারের পক্ষেই রায় দিয়েছেন। তাই ইশতেহারে উল্লেখ করা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে সুশাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমন একটি দেশ গড়ার কথা বলা হয়েছিল, যেখানে শিক্ষার্থীরা সুন্দর শিক্ষার পরিবেশ পাবে এবং নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে।
তারেক রহমান বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। বিএনপি এমন একটি রাজনৈতিক পরিবেশ চায়, যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ ও বিতর্ক করতে পারবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার বিএনপির সরকার। তাই বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।
সকাল পৌনে ১১টায় কেআইবি মিলনায়তনে দিনব্যাপী রুদ্ধদ্বার এ মতবিনিময় সভা শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এটি প্রথম মতবিনিময় সভা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]