দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৭
দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে জঙ্গি তৎপরতা নেই, কিছু চরমপন্থি সংগঠনের অস্তিত্ত্ব আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।


মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ওই শব্দকে এখন আর স্বীকৃতি দেই না। আমাদের দেশে বর্তমানে এ ধরনের কোনো তৎপরতা নেই। পৃথিবীর সব দেশেই কিছু চরমপন্থি বা র‍্যাডিক্যাল গ্রুপ থাকতে পারে, তবে সেটাকে জঙ্গিবাদ বলা যাবে না।


তিনি দাবি করেন, অতীতে একটি শাসনামলে রাজনৈতিক উদ্দেশে জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে সেই ধরনের পরিস্থিতির কোনো অস্তিত্ব নেই বলেও তিনি উল্লেখ করেন।


কোস্টগার্ডের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশে উপকূলীয় এলাকার পাশাপাশি নদীপথেও এই বাহিনীর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। এমনকি ভবিষ্যতে হাওর অঞ্চলেও কোস্টগার্ডের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে প্রায় পাঁচ হাজার সদস্যের কোস্টগার্ডকে পর্যায়ক্রমে ১০ হাজারে উন্নীত করা হবে। একইসঙ্গে বাহিনীর জন্য আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা বাাড়নো হবে। দুর্গম উপকূলীয় ও জলপথ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ডকে আরও শক্তিশালী করা জরুরি। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় বাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে।


আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে সেনাবাহিনীর মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে তাদের প্রত্যাহার করা হচ্ছে। শিগগির এ মোতায়েন আরও সীমিত হয়ে আসবে।


এর আগে সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা ও সংবেদনশীল স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।


পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কবার্তার পর উচ্চমাত্রার সতর্কতা জারি করে বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ নির্দেশনা দিয়েছে বেবিচক।


পাশাপাশি, বিমানবন্দরের অ্যারাইভাল ও ডিপারচার উভয় এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিক রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে পুলিশ সদর দপ্তরের এক চিঠিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। তাদের লক্ষ্যবস্তু হতে পারে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।


আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com