দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৫
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৩
দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ সুদানে ছোট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। রাজধানী জুবার কাছে এই দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি ঘটে। প্রাথমিকভাবে খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।


সংবাদমাধ্যম বিবিসি বলছে, দক্ষিণ সুদানে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (এসএসসিএএ)। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে কম দৃশ্যমানতার কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে।


সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানী জুবার দক্ষিণ-পশ্চিমে প্রায় ২০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে ইয়েই থেকে ছেড়ে জুবার উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


বিমানে পাইলটসহ মোট ১৫ জন ছিলেন। যাত্রী তালিকা অনুযায়ী, তাদের মধ্যে ১৩ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং দুজন কেনিয়ার নাগরিক ছিলেন। বিমানটি ছিল সেসনা ২০৮ ক্যারাভান মডেলের এবং এটি পরিচালনা করছিল সিটিলিংক এভিয়েশন লিমিটেড।


বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানে পরিবহন ব্যবস্থা এখনও দুর্বল এবং বিমান চলাচলের নিরাপত্তা রেকর্ডও ভালো নয়। ২০১১ সালে স্বাধীনতার পর এক দশকে দেশটিতে ৫৫টির বেশি বিমান দুর্ঘটনা ঘটেছে এবং এসব দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে।


এসব দুর্ঘটনার পেছনে পুরোনো বিমান ব্যবহার, দুর্বল নিয়ন্ত্রক ব্যবস্থা, অতিরিক্ত যাত্রী বহন, খারাপ আবহাওয়া এবং পাইলটের ভুলকে দায়ী করা হয়। ২০২৫ সালের জানুয়ারিতে উত্তরাঞ্চলের ইউনিটি প্রদেশে তেলক্ষেত্রের কাছে উড্ডয়নের তিন মিনিট পর একটি বিমান বিধ্বস্ত হলে ২০ জন তেলকর্মী নিহত হন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com