
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে যার ৮০ হাজার নারী।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
এর আগে একই দিন দুপুরে যশোরের শার্শা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘উলশী-যদুনাথপুর’ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশাল জনশক্তিকে দেশ গড়ার কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে অলস বসিয়ে রাখলে চলবে না। বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তিলে তিলে রক্ত দিয়ে হলেও তা পালন করা হবে।’
উলশী খালের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গত ৫০ বছর ধরে এই খাল ভরাট ও দখল হয়ে পড়ে ছিল। ৪ কিলোমিটার এই খাল পুনঃখননের ফলে ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবে এবং প্রায় ১৪০০ টন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার ‘জিয়া খাল’ খননের মহাপরিকল্পনা ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, এতে গ্রামীণ অর্থনীতি সচল হবে এবং মা-বোনেরা হাঁস পালন করে বাড়তি আয় করতে পারবেন।
নারীদের ক্ষমতায়নে বড় ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন,মেয়েদের শিক্ষা এখন থেকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করা হবে। নারী প্রধান পরিবারগুলোকে মাসে ২ হাজার ৫০০ টাকা সরাসরি দেওয়া হবে। রান্নার কষ্ট লাঘবে দেওয়া হবে বিশেষ এলপিজি কার্ড।
সরকারের কাজের খতিয়ান তুলে ধরে তারেক রহমান বলেন, ‘ওয়াদা অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের কাজ সরকার গঠনের ১০০ দিনের মধ্যেই শুরু হয়েছে। বন্ধ কলকারখানা চালুর প্রক্রিয়া চলছে। এছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য সরকারি সম্মানি ভাতার কাজও ইতিমধ্যে শুরু হয়েছে।’
৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বৈরাচার বিদায় হয়েছে, এখন দেশ গড়ার পালা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব দল মিলে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এর প্রতিটি শব্দ আমরা বাস্তবায়ন করব।” বক্তব্যের শেষে তিনি নতুন স্লোগান দেন- ‘গড়বো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]