
দেড় বছর না যেতেই আর্থিক সংকটে পড়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। চব্বিশের জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কল্যাণে গঠিত ফাউন্ডেশন বর্তমানে নিজেদের কর্মীদেরই মাসিক বেতন দেওয়া নিয়ে পড়েছে সংকটে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বার বার আবেদন করেও মেলেনি টাকা। বাধ্য হয়ে এমপিদের ১ মাসের বেতন অনুদান হিসেবে দেওয়ার আহ্বান ফাউন্ডেশনের।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় ২০২৪ এর ১০ আগস্ট যাত্রা শুরু করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ৮৩৪ শহীদ পরিবার ও আহত ১৪ হাজারের বেশি জুলাই যোদ্ধার সহায়তায় ৩৩৭ কোটি টাকার তহবিল নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার। তবে, এর যাত্রা শুরুর সময় তারা হাতে পায় ১০০ কোটি টাকা। এরপর আর টাকা ছাড় করেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এতে দেড় বছর না যেতেই আর্থিক সংকটে পড়েছে এই ফাউন্ডেশন।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর বলেন, ২০২৪ সালের পর আর টাকা দেওয়া হয়নি। ১৫ বার মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, পত্র লিখেছি, সাক্ষাৎ করেছি। কিন্তু তা পাইনি।
জুলাই ফাউন্ডেশনের তথ্য, আহতের মধ্যে এখনো আর্থিক সুবিধা পায়নি ৮ হাজারের বেশি যোদ্ধা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে একাধিক আবেদনেও প্রতিশ্রুত তহবিলের বাকি ২৩৭ কোটি টাকা মিলেনি এখনো।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও বলেন, সরকারে কাছে ২৩৭ কোটি টাক বকেয়া। এটা পেলে সহায়তাটা করা যাবে। বাজেট বরাদ্দ কম থাকায় ও নিবন্ধন না থাকায় পাচ্ছি না।
প্রয়োজনীয় আর্থিক সুবিধা নিশ্চিতে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের সুদৃষ্টি চাইছেন জুলাই যোদ্ধাদের পরিবারগুলো শহীদ তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান , সরকার যেন বিষয়টি সুন্দরভাবে দেখে। আহত ও শহীদ পরিবার যেন অর্থ পায়।
শহীদ মো. সোহেলের বোন নুপুর আক্তার, তাদের জন্য খুব বেশি সহায়তা প্রয়োজন। পুনর্বাসন, চিকিৎসা, আর্থিক সহায়তা দিলে তারা একটু ভালোভাবে জীবনটা চালাতে পারবে।
আর্থিক সঙ্কট কাটাতে সব এমপিকে তাদের এক মাসের বেতন অনুদান হিসাবে দেওয়ার আহ্বান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]