
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মহাসড়কে চালানো এই হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে শিশুও রয়েছে। একের পর এক বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি উঠেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ। কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান জানান, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) কাজিবিওর এল টুনেল এলাকায় প্যান-আমেরিকান মহাসড়কে এই বিস্ফোরণ ঘটে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং আরও ৩৮ জনের বেশি মানুষের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে’। গুজমান এই ঘটনাকে ‘বেসামরিক জনগণের ওপর নির্বিচার হামলা’ হিসেবে নিন্দা জানান।
তিনি বলেন, ‘ব্যথা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমাদের কাছে নেই’। এসময় ‘সন্ত্রাসী তৎপরতা’ মোকাবিলায় সরকারের কাছ থেকে ‘দৃঢ় ও ধারাবাহিক” পদক্ষেপের দাবিও জানান তিনি।
গভর্নরের শেয়ার করা একটি ভিডিওতে বিস্ফোরণের পরের দৃশ্য সামনে এসেছে। ওই ভিডিওতে সড়কে ছিন্নভিন্ন গাড়ি ও ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। গুজমান বলেন, ‘কাউকা একা এই বর্বরতার মুখোমুখি হতে পারে না’। তিনি আরও জানান, এল তাম্বো, কালোতো, পোপায়ান, গুয়াচেনে, মেরকাদেরেস ও মিরান্ডা এলাকাতেও সহিংস ঘটনা ঘটেছে।
কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ এক সংবাদ সম্মেলনে বলেন, এটি ‘সন্ত্রাসী হামলা’। তিনি এর জন্য ‘ইভান মোরদিস্কো’ নামে পরিচিত এক ব্যক্তির নেটওয়ার্ক এবং ‘জাইমে মার্টিনেজ’ গোষ্ঠীকে দায়ী করেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের ‘সন্ত্রাসী, ফ্যাসিস্ট এবং মাদক পাচারকারী’ বলে উল্লেখ করেন।
এদিকে ভায়ে দেল কাউকা অঞ্চলের গভর্নর ফ্রান্সিসকা তোরো কেন্দ্রীয় সরকারের কাছে ‘তাৎক্ষণিক সহায়তা’ চেয়েছেন। তিনি এক্সে দেয়া বার্তায় বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন, গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি এবং অপরাধ দমনে ‘দৃঢ় পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাউকা ও ভায়ে দেল কাউকা অঞ্চল অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর গুরুত্বপূর্ণ ঘাঁটি। তারা বুয়েনাভেন্তুরা বন্দরের দিকে যাওয়া সমুদ্র ও নদীপথ নিয়ন্ত্রণে প্রতিযোগিতা করছে। এই বন্দর মধ্য আমেরিকা ও ইউরোপে মাদক পাচারের একটি গুরুত্বপূর্ণ রুট।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]