
যান্ত্রিক ত্রুটি যেন পিছু ছাড়ছে না দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের। দীর্ঘ মেরামতের পর চালু হওয়ার মাত্র ১৫ ঘণ্টার মাথায় আবারও বন্ধ হয়ে গেছে এই কেন্দ্রের উৎপাদন।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
কেন্দ্রের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে, এই ত্রুটি সারিয়ে ইউনিটটি পুনরায় উৎপাদনে ফেরাতে অন্তত ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।
এর আগে গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে ১ নম্বর ইউনিটের চারটি কোল মিলের (কয়লা চূর্ণ করার যন্ত্র) মধ্যে দুটি বিকল হয়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়। দ্রুত মেরামতের পর শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে ইউনিটটি পুনরায় চালু করা হয় এবং উৎপাদিত ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। কিন্তু মাত্র ১৫ ঘণ্টা পার হতেই নতুন করে বয়লারের টিউব ফেটে যাওয়ায় আবারও অন্ধকারের মুখে পড়ল কেন্দ্রটি।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট। আর তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট। এর মধ্যে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। আর ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ আছে। ফলে দীর্ঘদিন ধরে একটি ইউনিটের উপর নির্ভর করেই এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন চলছিল।
বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, বড় ইউনিটটি (তৃতীয় ইউনিট) আগামী মাসের ১৫ তারিখের মধ্যে চালুর জোর প্রচেষ্টা চলছে। এছাড়া দ্বিতীয় ইউনিটটি সংস্কারের জন্য চীনা কোম্পানির সাথে মন্ত্রণালয়ের আলোচনা চলছে। এটি চালুর জন্য একটি ৪ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
প্রাথমিকভাবে দ্বিতীয় ইউনিটটি মেরামতে ২৩ মিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে। চীনা প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর ব্যয়ের চূড়ান্ত হিসাব ও সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]