শিরোনাম
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৪
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদেরগুলিতে যুবক নিহতের ঘটনা ঘটেছে।


শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব আলীখিল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


নিহত কাউছারুজ্জামান ওই এলাকার কালাম সওদাগরের মেজ ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন এবং এলাকায় বিএনপি সমর্থক হিসেবে পরিচিত ছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছে।


নিহতের বাবা কালাম সওদাগর শনিবার সকালে সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে শুক্রবার রাতে নানার বাড়িতে ফাতেহা অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত তিনটার দিকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।’ তিনি আরও দাবি করেন, তাঁর ছেলে সব সময় চাঁদাবাজ, সন্ত্রাস ও চোর-ডাকাতদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ কারণে আগেও কয়েকবার তাঁর ওপর হামলা হয়েছিল।


স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর কাউছারুজ্জামানের মামাতো ভাইসহ স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে জে কে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত কাউছারুজ্জামান দুই কন্যাসন্তানের জনক। অনেক বছর আগে তিনি তাঁর মাকে হারিয়েছেন।


রাউজান থানা-পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের খবর পেয়ে তারা তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com