যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, খোঁজ মিলেনি বৃষ্টির
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:০০
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, খোঁজ মিলেনি বৃষ্টির
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।


এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হিলসবরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিলের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।


তবে নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির কোনো হদিস এখনো মেলেনি। তার সন্ধানে সক্রিয়ভাবে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ।


এদিকে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তিনি নিহত জামিলের রুমমেট। শুক্রবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে বিষয়টি জানিয়েছে। বর্তমানে গ্রেফতার ওই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্যমতে, গত ১৬ এপ্রিল ট্যাম্পায় সর্বশেষ জামিল ও নাহিদাকে দেখা যায়। ওইদিন সকাল প্রায় ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি শিক্ষার্থীদের আবাসন এলাকায় জামিলকে সর্বশেষ দেখা যায়। আর একই দিন সকাল প্রায় ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে নাহিদাকে সর্বশেষ দেখা যায়। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সন্ধানে স্থানীয় হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় কাজ করছে।


নিহত জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত রয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com