জ্বালানি সংকট মোকাবিলা
সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৯:১১
সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে জ্বালানি বিষয়ক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে এই প্রস্তাব দেন তিনি। সেই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কমিটির সভাপতি করার প্রস্তাব দিয়েছেন তিনি।


প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে বর্তমান সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


এদিন সংসদ অধিবেশনে বক্তব্যকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দেশ ও মানুষের স্বার্থে যেকোনো আলোচনা যে কারও সঙ্গে করতে প্রস্তুত রয়েছে। তারই প্রেক্ষাপটে আমরা সরকারি দলের পক্ষ থেকে ৫ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি।


এ সময় স্পিকারের মাধ্যমে বিরোধী দলকেও ৫ জন সদস্যের নাম দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি আপনার (স্পিকার) মাধ্যমে বিরোধী দলীয় নেতাসহ বিরোধী দলকে অনুরোধ করব- উনারাও যদি ৫ জনের নাম দেন, তাহলে এই ১০ জন বসে এ বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছে আসবে এবং বাস্তবতা থাকলে অবশ্যই সরকার সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে।



পরে সরকারি দলের পক্ষে বাছাই করা ৫ সদস্যের নাম সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত) এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।


জবাবে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আশা করি এই সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে। আমরা মনে করি, এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটিকে আমি সাধুবাদ জানাই। সেই সঙ্গে শিগগিরই আমরা আমাদের পক্ষ থেকে নামগুলো পেশ করব।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com