স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-সৌদি আলোচনা: পাসপোর্ট দেওয়া হয়েছে ২২ হাজার রোহিঙ্গাকে
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৬:১০
বাংলাদেশ-সৌদি আলোচনা: পাসপোর্ট দেওয়া হয়েছে ২২ হাজার রোহিঙ্গাকে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ।


সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যু, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ। জনশক্তি রফতানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এসব খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।


সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর বিষয়টি তুলে ধরে রাষ্ট্রদূত প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন। জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রয়োজনীয় প্রমাণপত্র যাচাই সাপেক্ষে ইতোমধ্যে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। প্রক্রিয়া দ্রুত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম পাঠানো হয়েছে বলেও তিনি জানান।


পাসপোর্ট ইস্যুতে কোনও ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর সতর্কবার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করে পুনরায় যাচাই-বাছাইয়ের নির্দেশনা দেন তিনি।


বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। আমন্ত্রণের জন্য ধন্যবাদ দিয়ে মন্ত্রী জানান, আগামী জুলাই মাসের প্রথমার্ধে তিনি সৌদি আরব সফর করতে পারেন।


সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com