সংসদে রুমিন ফারহানার প্রশ্ন
তেলের যদি সংকটই না থাকে, তবে এ লম্বা লাইন কেন?
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৯:০৮
তেলের যদি সংকটই না থাকে, তবে এ লম্বা লাইন কেন?
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদে জ্বালানি সংকট ও তেলের দাম বৃদ্ধির বিষয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা। এসময়, মজুতের সত্য তথ্য সংসদে উপস্থাপনের আহ্বান জানান তিনি।


রবিবার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা জ্বালানি পরিস্থিতি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন।


দুই দিন বিরতির পর ফের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিকেল সাড়ে ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পুনরায় শুরু হয়।


এসময় জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে রুমিন ফারহানা তেলের মূল্যবৃদ্ধি এবং তীব্র সংকটময় পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেন।


সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে এমন দাবি করে তিনি এসময় মজুতের সত্য তথ্য সংসদে উপস্থাপনের আহ্বান জানান।


রুমিন ফারহানা বলেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানির কোনও ঘাটতি নেই, অথচ বাস্তবে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। রাস্তায় তেলের জন্য ৩ কিলোমিটার লম্বা লাইন দেখা যাচ্ছে। গাড়ির চালকরা মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। সরকারের যদি কোনও সংকটই না থাকে, তবে এ লম্বা লাইন কেন? কেন তেলের দাম বাড়াতে হচ্ছে?


জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, সরকার মার্কেটপ্লেস রাত ৮টার পরিবর্তে ৭টায় বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তা অদূরদর্শী। মানুষ কেনাকাটা সাধারণত সন্ধ্যার পরেই করে। এ ছাড়া অফিস-আদালতের কর্মঘণ্টা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন রয়েছে।


সরকারের মন্ত্রীরা গণমাধ্যমে সংকট নেই বলে দাবি করছেন, তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলে রুমিন ফারহানা বলেন, আমি এই সংসদের মাধ্যমে জানতে চাই, বর্তমানে দেশে অকটেন ও ডিজেলের প্রকৃত মজুত কতদিনের আছে? পাম্পগুলোতে পর্যাপ্ত তেল কেন সরবরাহ করা হচ্ছে না? তেলের মজুদদারি কারা করছে এবং এর পেছনে কারা জড়িত, তা পরিষ্কার করতে হবে। এরপরই সরকার দলীয় পক্ষ থেকে হট্টগোল শুরু হয়ে রুমিন ফারহানার মাইক বন্ধ করে দেওয়া হয়।


এছাড়াও এদিন দেশের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা স্ব-স্ব এলাকার সংকট-সমস্যার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে প্রশ্ন উত্থাপন করেন।


প্রশ্নোত্তর পর্বে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নৌ যোগাযোগ, বাণিজ্য ও কর্মস্থান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যহত রয়েছে।


আর মৌলভীবাজারের শমসেরনগর বিমানবন্দর ভারতের কাছাকাছি হওয়ায় উড্ডয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক আকাশ সীমানা লঙ্ঘনের আশঙ্কা থাকায় উক্ত বিমানবন্দর চালু করা সম্ভব হবে না বলে মনে করছে সরকার বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পরিবহন মন্ত্রী আফরোজা খানম।


কৃষিকে রফতানিমুখি করা গেলে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়া সম্ভব জানিয়ে এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলকে কৃষিপণ্য রফতানি অঞ্চলে রুপান্তরে কাজ করছে সরকার।


এদিকে বিরোধীদলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, তারকাচিহ্নিত প্রশ্ন করতে না পারায় সংসদ সদস্যরা অধিকার বঞ্চিত হচ্ছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com