
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আমি সব সময়ে সচেষ্ট থাকব বাংলাদেশের সংসদ যেন জনগণের আশা আকাঙ্ক্ষার এবং সকল রাষ্ট্রীয় কমকাণ্ডের কেন্দ্র বিন্দু হয়ে গড়ে উঠতে পারে। জাতীয় সংসদের কাছে এটাই মানুষের প্রত্যাশা। আমি চেষ্টা করব যাতে সরকারি দল এবং বিরোধী দল মিলে এই জুলাই সনদের বাস্তবায়ন করতে পারে। মানবাধিকার যাতে সুপ্রতিষ্ঠত হয়, দেশ যাতে উন্নয়নের পথে এগিয়ে চলে সেই ব্যাপারে জাতীয় সংসদে যতটুকু করণীয় আমি ঠিকভাবে পূরণ করার চেষ্টা করব।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ভোলা সার্কিট হাউসে স্থানীয় সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্পিকার।
নিজের রাজনৈতিক জীবনের সততা ও নিষ্ঠার কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, 'আমি জীবনে এককভাবে পথ চলেছি এবং সব সময় সত্য কথা বলেছি। এজন্য অনেকে অনেক কথা বলেছে। এমনকি মাফিয়া নেত্রী শেখ হাসিনা আমাকে দলে ভেড়ানোর জন্য অনেক চেষ্টা করেছেন। হেন কোনো লোভ নেই যা তিনি দেখাননি। আমি যদি যেতাম, তবে তাঁর পরেই আমার অবস্থান হতো। কিন্তু আমি বলেছি, আমার বয়স ৮০ বছর, এখন আর এসব করার সময় নেই। জিয়া পরিবারের বাইরে আমার কোনো চিন্তা-চেতনা ছিল না।'
বিগত দুই দশকের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে স্পিকার বলেন, গত ২০ বছর দেশে গণতন্ত্র ছিল না। অথচ গণতন্ত্র ছাড়া উন্নয়নের বিকল্প কোনো পথ নেই। বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসে অত্যাচার, নিপীড়ন, গুম ও খুন উপেক্ষা করে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এটি আমাদের জন্য গৌরবের বিষয়, যা সারা বিশ্বের দৃষ্টি কেড়েছে।'
তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও অর্থনৈতিক উন্নয়ন আজও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। তবে বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে দেশে সুখ ও সমৃদ্ধি আসবে বলে আশা করি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে স্পিকার আশা প্রকাশ করেন যে, দ্রুতই এই সংকট কেটে যাবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ হওয়া উচিত অর্থনীতির উন্নয়ন। বর্তমান সরকার সে লক্ষ্যে ব্যবস্থা নিচ্ছে। দল-মত নির্বিশেষে দেশে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এটাই জনগণের প্রত্যাশা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]