স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
‘মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন’
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৪:২৮
‘মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বক্তব্য দেওয়ার সময় বারবার প্রধানমন্ত্রীর নানা কাজের প্রশংসা করায় তারেক রহমান বলে ওঠেন- ‘মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন’। এ সময় মিলনায়তনজুড়ে থাকা সবাই করতালি দেন। সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রশংসা করি নাই যতটুকু আপনি বলতেছেন সামান্য বলেছি’।


রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ (১৮ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এমন ঘটনা ঘটে।


স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে। মানবসেবাকে কেন্দ্রবিন্দুতে রেখে কাজ করতে হবে। তিনি বলেন ,সরকার প্রধান ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন, যার মাধ্যমে স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।


তিনি বলেন, প্রধানমন্ত্রী নিরলস জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।


সংসদে দীর্ঘ সময় ধরে তিনি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিয়ে ভাবনা-চিন্তা করেন। তার এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফলেই প্রধানমন্ত্রী এযাবতকালের শ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক। তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১০০ জন মানুষের ভেতরে উনার কর্ম উনাকে জায়গা করে দিয়েছেন।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিশেষভাবে গ্রাম পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে আগ্রহী।


তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। তাদের কথা আমি শুনবো, তাদের মতামত গুরুত্ব দেব এবং তাদের জন্য কাজ করব। বিনিময়ে তারা দেশের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন, প্রধানমন্ত্রীর এই প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে মাঠপর্যায়ের চিকিৎসকদের বিকল্প নেই। তাই তাদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং কাজের পরিবেশ উন্নত করা সরকারের অগ্রাধিকার।


অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।


উপজেলা হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, এ খাতে উন্নয়ন অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com