
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান ৷
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকে ভুক্তভোগীদের প্রতিকার দিতে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ বিষয়ে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য গত ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা প্রশাসকের সমন্বয়ে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির সুপারিশগুলো চূড়ান্তভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে গত ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট একটি 'কেন্দ্রীয় কমিটি' গঠন করা হয়। এই কেন্দ্রীয় কমিটি বর্তমানে জেলা পর্যায় থেকে আসা সুপারিশগুলো যাচাই-বাছাই করে মামলা প্রত্যাহারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আইনমন্ত্রী বলেন, এর আগে গঠিত কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা না হলেও বর্তমানে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে হত্যা মামলাসহ যেকোনো মিথ্যা ও হয়রানিমূলক মামলা পর্যালোচনার সুযোগ রয়েছে।
তিনি বলেন, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলা যদি পর্যালোচনায় মিথ্যা বা হয়রানিমূলক বলে প্রতীয়মান হয়, তবে সরকার সেই অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]