
মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির মধ্যেই বাহরাইনে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণকারী বাংলাদেশি প্রবাসী কর্মী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে ফিরেছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে মরদেহটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে তিনি নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে মরদেহটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মরদেহ হস্তান্তরকালে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রবাসী কর্মীদের কল্যাণে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গিরিশ চন্দ্রের সৎকার কার্যক্রমের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ৩৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়া পরবর্তী সময়ে ওয়ারিশ সনদ দাখিল সাপেক্ষে তার পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।’
মন্ত্রী বিদেশগামী সব কর্মীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে যথাযথভাবে নিবন্ধন করে বিদেশ যাওয়ার আহ্বান জানান।
তিনি জানান, সরকারি তালিকায় নাম থাকলে প্রবাসে যে কোনো দুর্ঘটনায় দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়।
নিহত গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। বাণিজ্যমন্ত্রী নিহতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]